ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ বাতিল

ads

দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের বিধান এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশগুলো বাতিল করেছে জাতীয় সংসদ। বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল’ এবং ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ কণ্ঠভোটে পাস হয়। 


এর ফলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা এ সংক্রান্ত তিনটি অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে অকার্যকর হয়ে গেল এবং বিচার বিভাগীয় প্রশাসন আগের পুরনো কাঠামোয় ফিরে যাচ্ছে।  নতুন এই সিদ্ধান্তের ফলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য আলাদা কোনো আইন আর কার্যকর থাকছে না। তবে সংশ্লিষ্ট ওই অধ্যাদেশের অধীনে ইতোমধ্যে গৃহীত পদক্ষেপগুলো, বিশেষ করে ২৫ জন বিচারকের নিয়োগ প্রক্রিয়া বৈধ হিসেবে গণ্য হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে।


একই সাথে সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হওয়ায় নবগঠিত ওই সচিবালয়টি বিলুপ্ত হবে। এর অধীনে থাকা সমস্ত বাজেট, চলমান প্রকল্প ও কর্মসূচি সরকারের আইন ও বিচার বিভাগের অধীনে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। সচিবালয়ের জন্য সৃজিত বিভিন্ন পদগুলোও স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে এবং সেখানে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের চাকরি বিধিমালা পূর্বের আইন অনুযায়ী পরিচালিত হবে। সংসদে পাস হওয়া এই বিল দুটি এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। রাষ্ট্রপতির সম্মতি লাভের পর এটি আইনে পরিণত হবে এবং পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ করা হবে।


সংসদে এই বিল দুটি পাসের সময় বিরোধী দলের সদস্যরা কঠোর সমালোচনা করেন এবং এটিকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেন। বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান তার বক্তব্যে অভিযোগ করেন, এই উদ্যোগের মাধ্যমে নিম্ন আদালতকে পুনরায় রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ তৈরি করা হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, অতীতে যেভাবে বিচারকদের মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করার কারণে দূরবর্তী জেলায় বদলি করা হতো, সেই অগণতান্ত্রিক পরিস্থিতি আবারও ফিরে আসতে পারে। 


তিনি বিলটি সরাসরি পাস না করে জনমত যাচাইয়ের জন্য পাঠানোর জোর দাবি জানান।বিরোধীদের এই আপত্তির জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী। তিনি উল্লেখ করেন, সুপ্রিম কোর্ট কোনো আইন অসাংবিধানিক কি না তা যাচাই করার অধিকার রাখে, কিন্তু সংসদকে আইন প্রণয়নের জন্য কোনো নির্দিষ্ট নির্দেশ দিতে পারে না। 


আইনমন্ত্রী আরও বলেন, অতীতে বিচার বিভাগের স্বাধীনতার অপব্যবহারের নজির রয়েছে। সরকার ভবিষ্যতে বিচার বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আরও সুচিন্তিত ও মানসম্মত আইন প্রণয়ন করবে।বিচারক নিয়োগ বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিরোধী সদস্য আখতার হোসেন বলেন, বিচারপতি নিয়োগ প্রক্রিয়াই হলো বিচার বিভাগের মূল সংকট। তিনি মনে করেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ওপর প্রধানমন্ত্রীর পরামর্শের যে বাধ্যবাধকতা রয়েছে, তা নিরপেক্ষ নিয়োগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। 


তবে আইনমন্ত্রী তাত্ত্বিকভাবে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার প্রয়োজনীয়তার সাথে একমত পোষণ করে জানান, গত ১৭ বছরের দলীয় প্রভাবের কারণে বিচার বিভাগ যে প্রশ্নবিদ্ধ অবস্থায় পড়েছিল, সরকার সেখান থেকে উত্তরণ ঘটাতে চায়। আলোচনার শেষ পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, সংসদীয় কার্যবিবরণী থেকে একজন বিচারপতির নামের সাথে যুক্ত একটি বিতর্কিত বিশেষণ বাদ দেওয়া হয়েছে। কণ্ঠভোটে বিরোধীদের সংশোধনী প্রস্তাবগুলো নাকচ হয়ে গেলে বিল দুটি চূড়ান্তভাবে পাস হয়।

ads
ads
ads

Our Facebook Page